সিএনজি থেকে নেমেই রাজমিস্ত্রিকে এলোপাতাড়ি গুলি

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
সিএনজি থেকে নেমেই রাজমিস্ত্রিকে এলোপাতাড়ি গুলি

মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৩-৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

সন্ত্রাসীদের ছোড়া গুলি ফারুকের তলপেট ও হাঁটুতে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত সিএনজি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রকাশ্য দিবালোকে এই গুলির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, আহত যুবকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তাকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন:

"দুর্বৃত্তরা আকস্মিকভাবে ওই যুবককে গুলি করে দ্রুত পালিয়ে যায়।"

"প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় কোনো গ্যাং-সংক্রান্ত (কিশোর গ্যাং বা আধিপত্য বিস্তার) হামলা।"

"হামলার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।"

এদিকে, জনাকীর্ণ এলাকায় দিনের আলোতে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ ও নিরাপত্তা হীনতা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।