সাংবাদিকের ছেলের সাইকেল চুরি: সিসিটিভি ফুটেজ দেখে চোর আটক, উদ্ধার

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:১২ পিএম
সাংবাদিকের ছেলের সাইকেল চুরি: সিসিটিভি ফুটেজ দেখে চোর আটক, উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের বেনাপোলে সাংবাদিক শাহাবুদ্দিন আহামেদের বড় ছেলে সাকিব হোসেন শান্ত’র বাইসাইকেল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোর শনাক্ত করে বেনাপোল পোর্ট থানা পুলিশ বাইসাইকেল উদ্ধারসহ রকি নামে এক দুর্ধর্ষ চোরকে আটক করেছে।

জানা যায়, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় সাকিব হোসেন শান্ত মাগরিবের নামাজ আদায়ের জন্য বেনাপোল গাজীপুর বড় মসজিদে যান। এ সময় তিনি তার বাইসাইকেলটি বেনাপোল সিনিয়র মাদ্রাসার সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান তার বাইসাইকেলটি সেখানে নেই। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও বাইসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে মঙ্গলবার সকালে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগমারি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা ও এএসআই সবুজ হোসেন, সঙ্গীয় ফোর্সসহ ভবেরবেড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোর সিন্ডিকেটের হোতা মিলনের বাড়ি থেকে চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবেরবেড় গ্রামের চোর সিন্ডিকেটের হোতা মিলন হোসেন ও তার বউ সহ সহযোগীরা দীর্ঘদিন ধরে চোরাই মালামাল স্বল্প দামে ক্রয় করে আসছে। অভিযোগ রয়েছে, তারা এসব অর্থের বিনিময়ে সংশ্লিষ্টদের মাদক সরবরাহ করে থাকে এবং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ধরনের চক্রের কারণে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন,

“সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোর শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”