মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। নিহতের স্বামী আবুল কালামের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই বক্তব্য দিয়েছেন আবুল কালামের মা খাদিজা বেগম।
তবে নিহতের বাবা আবু তাহের অভিযোগ করে বলেন, তার মেয়ে মাহিনূরকে পরিকল্পিতভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাহিনূরের শাশুড়িও জড়িত থাকতে পারেন বলে তিনি দাবি করেন।
নিহত মাহিনূর আক্তার গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে। তিনি দুই শিশু সন্তানের জননী। তার স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।









