জনতার ধাওয়ায় পিস্তল ও গুলি ফেলে পালালো অস্ত্রধারী

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
জনতার ধাওয়ায় পিস্তল ও গুলি ফেলে পালালো অস্ত্রধারী

মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের সময় স্থানীয় জনতার সাহসিকতার মুখে টিকতে না পেরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি ফেলে পালিয়ে গেছে তুহিন নামের এক অস্ত্রধারী যুবক। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি জব্দ করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বেতুয়াবাগ বাজারের বাবুলের দোকানের সামনে জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের চেষ্টা করেন তুহিন। প্রকাশ্যে এমন অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রদর্শন দেখে বাজারের সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে উল্টো সাহসের সাথে তুহিনকে আটক করার জন্য ধাওয়া দেয়।

জনতার ধাওয়ার মুখে পড়ে একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়ায় ওই অস্ত্রধারী। পরিস্থিতি বেগতিক এবং বেগবান জনতার হাত থেকে বাঁচতে নিজের কাছে থাকা বিদেশি পিস্তলটি মাটিতে ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় তুহিন।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম. মোশাররফ হোসেন জানান,

"পালিয়ে যাওয়া অস্ত্রধারী যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।"

বেগমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির বৈধতা যাচাইসহ অভিযুক্ত তুহিনকে দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে। তদন্ত শেষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভরদুপুরে এমন প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে কিছুটা উদ্বেগ থাকলেও, জনতার সম্মিলিত প্রতিরোধের প্রশংসা করছেন সচেতন মহল। দ্রুত এই অস্ত্রধারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।