পদ্মা সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
পদ্মা সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় নিষিদ্ধ Escuf সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি নৌকা ফেলে পালিয়ে যায়।

বুধবার (২২ জুলাই) সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ খিদিরপুর বিওপির সদস্যরা কাটাখালী থানার লটাবন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পদ্মা নদীপথে ওই এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল পদ্মার চরের ঝাউ বনে অবস্থান নিয়ে ফাঁদ পাতে।

একপর্যায়ে দুই ব্যক্তি একটি নৌকায় করে নদীর তীরে পৌঁছালে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে এর ভেতর থেকে ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত সিরাপ ও নৌকা কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।