‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’—আমির হামজার বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন শিশির মনির

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম
‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’—আমির হামজার বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন শিশির মনির

 ডেস্ক রিপোর্ট:

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আবারও আলোচনায় মুফতি আমির হামজা। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তিনি দাবি করেন, ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি।’ সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে তার সাম্প্রতিক আরেক বক্তব্য ঘিরে। সেখানে তিনি বলেন, “জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত।” এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিয়ে এক টেলিভিশন টকশোতে প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আমির হামজার বারবার বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে উপস্থাপক প্রশ্ন করেন—জামায়াত কি সত্যিই বিশ্বাস করে, তাদের ভোট দিলেই বেহেশত নিশ্চিত?

জবাবে শিশির মনির বলেন

> “তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে—এই প্রপাগান্ডাটা আমি মনে করি ভালো না।”

আমির হামজার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন

> “আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনিনি। কিন্তু আমি আজ এখান থেকে বের হয়ে সেটা দেখব এবং আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব। যে কেউ—এমনকি আমিও—যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়।”

এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্বাচনের আগমুহূর্তে জামায়াতের প্রার্থী হিসেবে আমির হামজার এ ধরনের বক্তব্য দলটির ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে কি না।

তবে জামায়াতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।