৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবকটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন। দল গঠন থেকে শুরু করে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পর্যন্ত পুরো প্রক্রিয়া এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি দেশবাসীকে অবহিত করেন।
নাহিদ ইসলাম বলেন,
> “আমরা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ ‘শাপলা কলি’ মার্কায় ৩০০ আসনেই প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুনভাবে রাজনীতি করতে চান, এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যুক্ত হোন। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি আসনে নতুন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দিতে চাই।”
দলীয় আহ্বায়ক আরও জানান, নভেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
> “ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় আমরা প্রতিটি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দেবো। অল্প সময়ে মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি, নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে,” — বলেন তিনি।
ভিডিওবার্তায় তিনি নির্বাচন কমিশনের সমালোচনাও করেন।
নাহিদ ইসলাম বলেন,
> “এই নিবন্ধন পেতে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা শুরু থেকেই শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু কমিশন তা দেয়নি। এক ধরনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে আমরা ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছি। যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে অভিনন্দন।
তিনি আরও বলেন,
> “জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে আমরা সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। আশা করি জাতীয় নির্বাচনেও সেই সমর্থনের প্রতিফলন ঘটবে।”
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ইতোমধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং জেলা পর্যায়ে সংগঠন পুনর্গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।









