রাতে বাসায় ফিরে স্বামী দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৭) নামে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ছন্দা শর্মা চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর বাবার নাম মৃত হরেরাম শর্মা এবং মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি জানান, সোমবার রাতে বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
২০১৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের কোনো সন্তান নেই।
এমকে/বিএম২৪








