সালমান শাহ্ কিভাবে মারা গেছে আমি জানি না: শাবনূর
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ওই ঘটনা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই রহস্যজনক মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা গুজব ছড়িয়ে পড়ছে। এসব অপপ্রচারের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
সোমবার (২৭ অক্টোবর) নিজস্ব ফেসবুক পেজে ‘আবারো সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে শাবনূর জানান, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, শুরুতে তিনি মন্তব্য করতে চাননি। তবুও তার সঙ্গে সালমান শাহর মৃত্যুর ঘটনা ও মামলা জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচার হওয়ায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
শাবনূর বলেন, “কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমার সম্পর্কে মিথ্যা গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত তথ্য প্রচার বন্ধ করুন।”
সালমান শাহর সঙ্গে নিজের স্মৃতি উল্লেখ করে তিনি আরও বলেন, “সালমান ছিল আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। প্রায় ১৪টি চলচ্চিত্রে আমরা একসঙ্গে কাজ করেছি। তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ভেঙে পড়েছিলাম। তবে আজও আমি সত্যিই জানি না, সে কীভাবে মারা গেছে। আমি শুধু ন্যায়বিচার প্রত্যাশা করি। যে-ই দোষী হোক, যেন আইনের আওতায় আসে।”
অভিনেত্রীর দাবি, সালমান শাহ-শাবনূর জুটির বিপুল জনপ্রিয়তাকে কেন্দ্র করে তখন অনেকেই ঈর্ষা করতেন। ফলে বিভ্রান্তি ছড়াতে নানা অপতৎপরতা হয়েছিল বলে তিনি মনে করেন। তা আজও থামছে না, যা তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে।
সালমান শাহর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “সন্তান হারানোর বেদনা অমানবিক কষ্টের। সালমানের মা নীলা আন্টির কান্না দেখলে তা অনুভব করা যায়। আমি আন্টি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করি।”
চলচ্চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে আলোচিত মৃত্যু হিসেবে সালমান শাহর ঘটনাটি এখনও রহস্যাবৃত অবস্থায় রয়েছে। দীর্ঘ তদন্ত আর বহু বছর আলোচনার পর গত ২০ অক্টোবর রাতে মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর সারা দেশে পুনরায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ব্যবসাসফল সিনেমা দিয়ে ঢাকাই সিনেমার ইতিহাসে অনন্য জায়গা তৈরি করেন সালমান শাহ। শাবনূরের সঙ্গে তার প্রথম জুটি বাঁধা হয় পরিচালক জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায়। সেখান থেকেই শুরু হয় তাদের পর্দা দাপট ও অগণিত দর্শকের ভালোবাসা।
দেশের জনপ্রিয় এই নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে কি না, সেটিই এখন সবার নজরে। দেশবাসীসহ সহশিল্পীরাও অপেক্ষায় রয়েছেন সত্য ও ন্যায়বিচারের জন্য।









