বিপিএল পেছানো হবে না: বিসিবি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
বিপিএল পেছানো হবে না: বিসিবি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিদের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে বোর্ড। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ড্রাফট।

বিসিবির নতুন কমিটির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ এই টুর্নামেন্ট আয়োজন। এবার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ‘রেভিনিউ শেয়ারিং’ মডেল চালু করতে যাচ্ছে বোর্ড।

এর আগে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিপিএল পেছানোর প্রস্তাব দেন। তবে বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,

> “বাংলাদেশের জলবায়ু বিবেচনা করলে এপ্রিল ও মে মাসে বৃষ্টি থাকে। এ সময়টি বৈশাখী ও বর্ষা মৌসুমের শুরু। পাশাপাশি আমাদের এফটিপি অনুযায়ী ওই সময়ে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজ রয়েছে। তাই ওই সময় বিপিএল আয়োজনের কোনো নির্দিষ্ট উইন্ডোই নেই।”

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনে অন্যতম চ্যালেঞ্জ বিদেশি ক্রিকেটারদের পাওয়া। তবে এই সময়ও টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা সম্ভব বলে মনে করছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান।

তিনি বলেন,

> “গত দুই আসরেও আমাদের বিপিএল একই সময়ে আইএল টি-টোয়েন্টি ও এসএ টোয়েন্টির সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ কিছুটা প্রভাবিত হলেও পুরোপুরি নয়। আমাদের দলে মানসম্মত বিদেশি ক্রিকেটার ছিল এবং এবারও থাকবে।”

সব মিলিয়ে ডিসেম্বর-জানুয়ারির নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিপিএল। নতুন ফ্র্যাঞ্চাইজি, রাজস্ব ভাগাভাগির মডেল ও আন্তর্জাতিক মানের আয়োজন নিয়ে বিসিবি এবার ভিন্ন মাত্রায় আয়োজন করতে চায় দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।