‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন তুলতুল

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন তুলতুল

সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি


শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে ‘বাবুই’ বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছেন লেখক শাম্মী তুলতুল। তাঁর লেখা শিশুতোষ গল্পগ্রন্থ ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’-এর বিক্রিসাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দিয়েছে প্রকাশনা সংস্থা বাবুই।


২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘদিন ধরে পাঠকদের আগ্রহ ধরে রেখেছে। এবার বইটির বাণিজ্যিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেলেন লেখক।


শনিবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী ‘বাবুই শিশু সাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে লেখক, প্রকাশক, সাংবাদিক ও শিশুসাহিত্যিকেরা অংশ নেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনসুর মুসা, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও লেখক; বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ; লেখক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।


পুরস্কার পেয়ে শাম্মী তুলতুল বলেন, এ সম্মাননা তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। লেখালেখির জন্য দুই বাংলায় তিনি এর আগে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। তবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের জন্য এটাই তাঁর প্রথম পুরস্কার। এ কারণে অন্য অর্জনগুলোর পাশাপাশি এই স্বীকৃতিও তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।


উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলার পরিচিত গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখির এ পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন তিনি।


এমকে/বিএম২৪