বকশীগঞ্জে ছাত্রদল নেতাসহ ৫ জন আটক, ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
বকশীগঞ্জে ছাত্রদল নেতাসহ ৫ জন আটক, ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ

সংগৃহীত

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। আটক ব্যক্তিদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয় রয়েছেন।


শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।


আটক অন্য চারজন হলেন বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭) এবং জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯)।


পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।


এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম বলেন, আমান উল্লাহ উদয় চক্রান্তের শিকার বলে তাঁরা মনে করছেন। কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের নিয়ে একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ছাত্রদল তাঁর পাশে থাকবে।


জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, ২৫ অক্টোবর সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


এমকে/বিএম২৪