বিচারকের পরিবারে হামলার প্রতিবাদে চবি আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
বিচারকের পরিবারে হামলার প্রতিবাদে চবি আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। রোববার(১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাঁদের পরিবারের নিরাপত্তাহীনতা তুলে ধরে জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিচার বিভাগের ওপর হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি বিচারব্যবস্থার স্বাধীনতা ও স্থিতিশীলতার ওপর বড় হুমকি। বিচারকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের আইনের শাসন দুর্বল হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে রাজশাহীর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ ইন্টেরিম সরকার ও প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে বলেন, “বিচার বিভাগকে তুচ্ছ–তাচ্ছিল্য করা যাবে না; বিচার বিভাগই রাষ্ট্রের মেরুদণ্ড।” তিনি বিচার সংশ্লিষ্ট সব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন।

বিক্ষোভে সংহতি প্রকাশ করেন চবি আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আইনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিরাপদ না থাকলে বিচার বিভাগ শক্তিশালী হতে পারে না। এজন্য তিনি পৃথক নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলেন।

চাকসু আইন সম্পাদক রাব্বি তৌহিদ বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় বিচার বিভাগ প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। এখনো পৃথক সচিবালয় প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আলাদা সচিবালয় গড়ে উঠলে বিচার বিভাগ আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে।

চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “বিচারকের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।” তিনি শিক্ষার্থীদের নাগরিক দায়বদ্ধতা থেকে বিচার বিভাগের নিরাপত্তার দাবিতে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা রাজশাহীর ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও বিচার বিভাগের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি পুনর্ব্যক্ত করেন।