বাঘাইছড়িতে বিএনপি প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ধানের শীষের কান্ডারী এ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা সহকারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ খাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাড. দীপেন দেওয়ান। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, যুবদলের সাবেক সভাপতি এড. সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, পৌর বিএনপির সভাপতি এস. এম. শফিউল আজমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির অগ্রযাত্রা রুখতে একটি মহল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা “ইসলামের নামে প্রতারণা” করে জনগণকে ভুল পথে নিতে চাইছে, যা দেশের গণতান্ত্রিক চেতনাবিরোধী। বক্তারা দলীয় নেতাকর্মীদের এসব বিভ্রান্তির বিরুদ্ধে সচেতন থাকতে এবং জনগণের কাছে সত্য তুলে ধরার আহ্বান জানান।
এ্যাড. দীপেন দেওয়ান বলেন, বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের রাজনীতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনটি বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তৃণমূলের নেতা-কর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির নীতি ও আদর্শ তুলে ধরতে হবে।
সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা ধানের শীষের বিজয়ের প্রত্যয়ে একসঙ্গে সকলে অঙ্গীকারবদ্ধ হন—
“যে কোনো ষড়যন্ত্রের জবাব মাঠেই দেওয়া হবে, জনগণের ভোটে বিএনপি আবারো ক্ষমতায় ফিরে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার করবে।”









