ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে—দুর্গাপূজা উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে আমি এই প্রার্থনা করি।”

প্রধান উপদেষ্টা দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মমতে, দেবী দুর্গা ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টির লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য-সুন্দরের আরাধনার মাধ্যমে দুর্গোৎসব অনন্য তাৎপর্য বহন করে।

ড. ইউনূস আরও বলেন, “সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারাদেশে নির্বিঘ্নে যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে বলে আমি আশাবাদী।”

তিনি মনে করিয়ে দেন, শান্তি, মৈত্রী ও সাম্য প্রতিটি ধর্মের মূল শিক্ষা। মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মর্মবাণী। তাই প্রত্যেককে নিজ নিজ ধর্ম চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখতে হবে।

বাণীতে প্রধান উপদেষ্টা আহ্বান জানান—“ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আমরা সবাই একসাথে কাজ করব।”