দাবি না মানলে বৃহস্পতিবার যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
দাবি না মানলে বৃহস্পতিবার যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের তিন দফা দাবি আজ বুধবারের (১৫ অক্টোবর) মধ্যে বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় “লংমার্চ টু যমুনা” কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে চার ঘণ্টাব্যাপী অবরোধ শেষে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন। আন্দোলনের নেতৃত্বদানকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ সময় বলেন,

> “আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামীকাল দুপুর ১২টায় যমুনা অভিমুখে লংমার্চ করব। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, যেমন আমরা সহযোগিতা করেছি, তারাও যেন আমাদের সহযোগিতা করে।”

তিনি আরও বলেন,

> “আগামীকাল দাখিল পরীক্ষা রয়েছে। কিন্তু আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস বা পরীক্ষা কিছুই চলবে না।”

এর আগে দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড়ে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে প্রায় চার ঘণ্টা ধরে ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারের দিকে ফিরে যান আন্দোলনকারীরা।

শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি,

২. শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, এবং

৩. শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।