ঢাবির উদ্যোগে শরৎ উৎসব ১৬ অক্টোবর বকুলতলায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুমতি বাতিল
স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শরৎ উৎসব ১৪৩২’। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর যৌথ সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য বকুলতলা প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দিয়ে আসছে কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় চলতি বছর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য অনুষদের বকুলতলা ব্যবহারের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল।
তবে সম্প্রতি ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’ নামের একটি সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা দেয় চারুকলা অনুষদে। অভিযোগে বলা হয়, আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা যুক্ত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে চারুকলা অনুষদের কার্যালয়ে শনিবার সকাল ১১টায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আয়োজকদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনুষ্ঠান আয়োজনের আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল।
পর্যালোচনায় তাদের বিগত সময়ে ‘ফ্যাসিবাদী শাসনামলের ঘনিষ্ঠ সম্পর্কিত’ বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নতুন আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ঋতুভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ ও বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এবার শরৎ উৎসব নতুন আঙ্গিকে উদযাপিত হবে।
অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশনের পাশাপাশি শরতের সৌন্দর্য ও প্রকৃতি বিষয়ক প্রদর্শনী থাকবে বলে জানা গেছে।









