ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও বাফুফের সহ-সভাপতি মহুলের বাড়িতে হামলা ও ভাংচুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও বাফুফের সহ-সভাপতি মহুলের বাড়িতে হামলা ও ভাংচুর

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঝিনাইদহের বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বাড়িতে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি হামলা চালিয়ে ভাংচুরের ঘটনাটি ঘটিয়েছে।

বাড়ির নিরাপত্তা প্রহরী ফেরদৌস হাসান জনি বলেন, 

"মাগরিবের আযানের সময় ১০-১২ জন অজ্ঞাত লোক হঠাৎ বাড়ির মধ্যে প্রবেশের চেষ্টা করে। দুইজন ভিতরে প্রবেশ করে বাড়ির প্রধান ফটকের ভিতরে থাকা ৩টি মোটরসাইকেল, চেয়ার, সিসি ক্যামেরা ভাংচুর করে এবং আমাকে মারধর করে। বাড়ির মধ্যে আরেকটি ফটক ভিতর থেকে তালা লাগানো থাকায় তারা মূল ভবনে প্রবেশ করতে পারেনি।"

নাসের শাহরিয়ার জাহেদী মহুল পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু বলেন, 

"মহুল সাহেব স্ব-পরিবারে ঢাকায় থাকেন। বাড়িতে তেমন কেউ থাকে না বলে বর্তমানে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা শিথিল রয়েছে। আজ সন্ধ্যার দিকে হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায়। নাসের শাহরিয়ার জাহেদী মহুল সাহেব চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যোগাযোগ হওয়া মাত্রই পরামর্শ করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।"

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 

"আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, তাদের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।"

এদিকে, নাসের শাহরিয়ার জাহেদী মহুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে পুনরায় স্বতন্ত্র প্রার্থী হতে পারেন এমন সংবাদ কিছু গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরেই প্রচারিত হচ্ছে। তার ঘনিষ্ঠ জনেরাও সোশ্যাল মিডিয়ায় তার প্রার্থী হওয়ার সংবাদটি শেয়ার করে ভোটারদের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। 

নাসের শাহরিয়ার জাহেদী মহুলের মুখপাত্র তবিবুর রহমান লাবু এ বিষয়ে বলেন, 

"অনুকুল পরিবেশ পেলে মহুল সাহেব স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।"

অপরদিকে, শাহরিয়ার জাহেদী মহুল জেলা আওয়ামীলীগের গত দুইবারের কমিটিতে সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র (ঈগল প্রতীকে) নির্বাচিত এমপি ছিলেন। ফলে, আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি ফ্যাসিবাদ বিরোধী পক্ষ কঠোর হস্তে প্রতিহত করার ঘোষণা প্রদান করে আসছেন। তারা বিভিন্ন সভা-সেমিনারে নাসের শাহরিয়ার জাহেদীর নির্বাচনে অংশগ্রহণ প্রতিহত করা এবং বিগত দিনে তার ফ্যাসিস্ট কার্যক্রমের বিরুদ্ধেও পুনরায় তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন।