জেমিমাহর রেকর্ড ইনিংসে ভারতের বিশ্বরেকর্ড জয়, প্রশংসায় ভাসালেন মারুফা আক্তার

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
জেমিমাহর রেকর্ড ইনিংসে ভারতের বিশ্বরেকর্ড জয়, প্রশংসায় ভাসালেন মারুফা আক্তার

স্পোর্টস ডেস্ক:

নারী ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন জেমিমাহ রদ্রিগেজ। নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধ্যকে সাধন করলেন ভারতীয় এই ব্যাটার। ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে বিশ্বরেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে ভারত। দলের হয়ে নায়কোচিত ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জেমিমাহ।

তার এই ইনিংসে শুধু ভারতের নয়, গোটা ক্রিকেটবিশ্বই মুগ্ধ। প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তার প্রশংসা।

প্রশংসায় শামিল হয়েছেন বাংলাদেশের নারী দলের তারকা পেসার মারুফা আক্তারও। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে জেমিমাহর প্রতি ভালোবাসা জানিয়ে মারুফা লিখেছেন—

> “জেমি দিদি, আপনি আমাদের কি দারুণ একটি ম্যাচ উপহার দিলেন! সত্যি বলতে, অনুভূতি জানানোর ভাষা নেই। সবসময় আপনার জন্য প্রার্থনা করি। আপনি যেন আপনার দলকে এভাবেই এগিয়ে নিতে পারেন এবং আরও বড় সাফল্য পান। ফাইনাল ম্যাচে আপনার জন্য শুভকামনা ও প্রার্থনা থাকবে।”

বাংলাদেশি তরুণ পেসারের এই পোস্ট নজর এড়ায়নি জেমিমাহর। জবাব দিতে গিয়ে তিনি উল্টো প্রশংসায় ভাসিয়েছেন মারুফাকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেমিমাহ লিখেছেন—

> “ধন্যবাদ মারুফা। তুমি নিজেই অনেক বড় প্রেরণা। তুমি যা করেছো, বাংলাদেশ এবং সারা বিশ্বের অনেক নারীকে সেটা অনুপ্রাণিত করে।”

দু’জনের এই পারস্পরিক শ্রদ্ধা ও অনুপ্রেরণামূলক বিনিময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভারতীয় ও বাংলাদেশি ক্রিকেটভক্তরা মন্তব্য করছেন—এমনই বন্ধুত্ব ও ইতিবাচকতা নারী ক্রিকেটকে আরও দূর এগিয়ে নেবে

বিশ্বকাপের ফাইনালে এখন সকলের নজর জেমিমাহর দিকে। সমর্থকরা আশা করছেন, সেমিফাইনালের মতোই ফাইনালেও জ্বলে উঠবেন ভারতের এই তারকা ব্যাটার।