কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ
মো: ফরিদ উদ্দিন, স্টাফ রিপোর্টার:
আহমদিয়া সম্প্রদায় তথা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামীকাল রোজ শনিবার সকাল নয়টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে মহাসমাবেশ।
সমাবেশে উপস্থিত থাকবেন বিদেশি বিশ জনেরও বেশি বিশেষ অতিথি। এছাড়া অংশ নেবেন ইসলামি আলোচক, ধর্মীয় বক্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষভাবে উপস্থিত থাকার কথা রয়েছে মামুনুল হকসহ দেশের শীর্ষ আলেমে দ্বীনের।
বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি আশা করা হচ্ছে।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমাদুদ্দিন বলেন, “এই সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ সমাবেশ হিসেবে রেকর্ড গড়বে বলে আমাদের বিশ্বাস।” তিনি আরও জানান, বিভিন্ন ঘরানার বিশিষ্ট মেহমানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে প্রশ্ন থেকেই যায়—এ কি সত্যিই ইতিহাসের অন্যতম বৃহৎ সম্মেলন হিসেবে জায়গা করে নেবে? কত মানুষের উপস্থিতিতে জমে উঠবে এই মহাসমাবেশ?সব প্রশ্নের জানতে আগামীকাল চোখ রাখুন বাংলাদেশ মেইলে।









