আজ ‘টেক্সট ইওর এক্স ডে’: প্রাক্তনকে বার্তা পাঠাবেন নাকি?

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
আজ ‘টেক্সট ইওর এক্স ডে’: প্রাক্তনকে বার্তা পাঠাবেন নাকি?



মোঃ জাহেরুল ইসলাম:

ভালোবাসা এমন এক অনুভূতি, যা কখন, কীভাবে, কাকে ঘিরে জন্ম নেয়—তা কেউই আগে থেকে জানে না। কখনও জেনেশুনে, আবার কখনও নিজের অজান্তেই মানুষ প্রেমে পড়ে। ভালোবাসা যতটা সরল, তার রূপ-রস-গন্ধ ততটাই জটিলও। জীবনের এক পর্যায়ে যে মানুষটিকে ছাড়া চলাই অসম্ভব মনে হতো, বিচ্ছেদের পর সেই মানুষটির সঙ্গে যোগাযোগ পর্যন্ত থাকে না অনেক সময়।

তবু কোথাও না কোথাও, মনের গভীরে থেকে যায় একটুখানি কৌতূহল—সে এখন কেমন আছে?


আপনার ভেতরেও যদি এমন কোনো অনুভূতি কাজ করে, আজ হয়তো সেটিকে প্রকাশের উপযুক্ত সময়। কারণ, আজ ৩০ অক্টোবর, যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে ‘ন্যাশনাল টেক্সট ইওর এক্স ডে’, অর্থাৎ ‘প্রাক্তনকে টেক্সট পাঠানো দিবস’।

বিশ্বায়নের এই যুগে এক দেশের দিবস অন্য দেশে পালন করা কোনো কঠিন ব্যাপার নয়। তাই চাইলে আপনিও অংশ নিতে পারেন এই মজার দিনে। মোবাইল ফোনে প্রাক্তনকে পাঠাতে পারেন একটি ছোট বার্তা, কিংবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন নক।


তবে বিশেষজ্ঞরা বলছেন, আজকের দিনে অতীতের ভুল বা কষ্ট নয়, বরং ভালো মুহূর্তগুলোকেই স্মরণ করা উচিত। সম্পর্ক যেমনই হোক না কেন, কেউ না কেউ একসময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল—এটা মনে করিয়ে দেওয়াই হতে পারে আজকের দিনের সবচেয়ে সুন্দর বার্তা।


দিবসটির সূচনা ও ইতিহাস:

‘টেক্সট ইওর এক্স ডে’ পালনের সূচনা যুক্তরাষ্ট্রে ১৯৮৮ সালে। তখন অবশ্য প্রযুক্তি এতটা উন্নত ছিল না, মানুষ চিঠির মাধ্যমেই প্রাক্তনের খোঁজ নিতেন।

এরপর আসে টেক্সট মেসেজের যুগ। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর নিল প্যাপওয়ার্থ নামের ২২ বছর বয়সী এক প্রকৌশলী ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে বিশ্বের প্রথম এসএমএস পাঠান। সেই থেকেই শুরু হয় আধুনিক মেসেজিং যুগের যাত্রা।


বর্তমানে প্রতিদিন মানুষ পরিবার, বন্ধু ও সহকর্মীদের অসংখ্য মেসেজ পাঠায়। কিন্তু প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ করা অনেকেই এড়িয়ে চলেন। এই দ্বিধা কাটাতেই প্রতি বছর পালিত হয় ‘টেক্সট ইওর এক্স ডে’—একটি দিনে অন্তত প্রাক্তনকে খোঁজ নেওয়ার অনুপ্রেরণা দিতে।



তাহলে কী করবেন আজ?

আজকের দিনে চাইলেই আপনি বলতে পারেন,


> “তুমি কেমন আছো?”

একটি সাধারণ বার্তাই হয়তো ফিরিয়ে আনতে পারে একটুখানি উষ্ণতা—অথবা অন্তত একটুখানি হাসি।