মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে জয়ী মা
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
স্বামীর মৃত্যুর পর দুই মেয়ের উচ্চশিক্ষার খরচ জোগাতে রান্নার কাজ করছেন। এরই মধ্যে মেয়েদের পড়াশোনার জন্য অর্থ জোগাড় করতে শাড়ি পরে, এমনকি খালি পায়েও ম্যারাথনে দৌড়ে প্রথম স্থান অর্জন করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর।
মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাই শহরের একটি একাডেমিতে রাঁধুনির কাজ করেন রমাবাই। চরম আর্থিক সংকটের মধ্যেও দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি স্থানীয় একটি সংগঠনের আয়োজিত ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন রমাবাই। প্রতিযোগিতায় প্রথম হলে ৩ হাজার রুপি পুরস্কার দেওয়ার কথা ছিল। মেয়েদের বই কেনার জন্য সেই অর্থ জেতার লক্ষ্যেই দৌড়ে অংশ নেন তিনি।
দৌড়ের একপর্যায়ে পায়ে থাকা চপ্পল পিছলে গেলে সেটি হাতে নিয়ে নেন রমাবাই। এরপর খালি পায়েই দৌড়াতে থাকেন। একে একে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে শেষ পর্যন্ত প্রথম স্থান অর্জন করেন তিনি।
পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি দিয়ে মেয়েদের জন্য বই কেনার কথা জানিয়েছেন রমাবাই।
এদিকে, একই প্রতিযোগিতায় রমাবাইয়ের মেয়ে পূজাও অংশ নেন। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।
দুই মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে এক মায়ের এমন অদম্য চেষ্টা ও আত্মত্যাগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। প্রতিকূলতার মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে রমাবাইয়ের এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।








