২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে যে ৬ দেশ
ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। খেলা এখনও শেষ ষোলোর পর্ব পেরোয়নি। তবে জানা গেল আগামী ২০৩০ বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে খেলবে ছয় দেশ।
এরমধ্যে চলতি আসর থেকে বাদ পড়া (এই রিপোর্ট লেখা পর্যন্ত) তিনটি দলও রয়েছে। বিশ্বকাপে এরইমধ্যে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও পর্তুগাল। তবে আগামী বিশ্বকাপে তারা খেলতে পারবে সরাসরি। অন্য তিন দল হচ্ছে আর্জেন্টিনা, স্পেন ও মরক্কো।
এই ছয় দলই স্বয়ংক্রিয়ভাবে আগামী বিশ্বকাপ খেলবে। তবে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের প্রধান রবার্ট হ্যারিসন বলেছেন, আয়োজক দেশের অংশ হওয়ার পরও আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে।
তিনি জানান, দক্ষিণ আমেরিকার তিন আয়োজক দেশ কনমেবল অঞ্চলের বাছাইপর্বে অংশ নেবে। এসময় ইউরোপীয় নেশনস লিগের মতো একটি প্রতিযোগিতার ইঙ্গিতও দেন হ্যারিসন।
১৯৩০ সালে উরুগুয়ের মন্টেভিডিওতে পুরুষদের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।সেই আসরের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ২০৩০ সালের টুর্নামেন্টে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে।
আর টুর্নামেন্টেরবাকি অংশঅনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এতে প্রথমবারের মতো তিন মহাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
এদিকে কনমেবলের প্যারাগুইয়ান সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস ফিফার কাছে বর্তমান ৪৮ দলের পরিবর্তে বিশ্বকাপের দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছেন। হ্যারিসন বলেন, যদি তা বাস্তবায়িত হয়, তাহলে প্যারাগুয়ে শুধু একটি ম্যাচ নয়, পুরো একটি গ্রুপপর্ব আয়োজন করবে।
সূত্র- স্টার নিউজ









