পাবনা সদরে জাসাসের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি
পাবনা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা সদর উপজেলা জাসাসের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) পাবনা সদর উপজেলার ৬১ নম্বর চকপৈলান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হাসান পরাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পাবনা সদর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তমাল, জাসাস নেতা শুকরাজ সোহেল, মোহাম্মদ ইমরান খান ইমুসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমে যেমন কার্বন নিঃসরণ কমানো সম্ভব, তেমনি আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা যাবে।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।








