শান্তর অধিনায়কত্বে মুগ্ধ অশ্বিন, তামিমেরও করলেন প্রশংসা
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর নাজমুল হোসেন শান্তর দলের প্রশংসায় এবার যোগ দিলেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে বাংলাদেশের অধিনায়ক শান্তর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে দলের ধারাবাহিক সাফল্যের পেছনে শান্তর নেতৃত্বের ভূমিকা আলাদাভাবে তুলে ধরেছেন অশ্বিন।
শান্তর অধিনায়কত্বের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘আমি তার (নাজমুল হোসেন শান্ত) অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করেছেন, নিজের ব্যাট হাতে অবদান রেখেছেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছেন—এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।’
ডারউইন টেস্টে বাংলাদেশের পেস বোলিং আক্রমণও নজর কেড়েছে অশ্বিনের। প্রথম ইনিংসে বাংলাদেশের তিন পেসার মিলে অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নেন।
বাংলাদেশের পেসারদের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলিং আক্রমণ যেভাবে বল করেছে, তা বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। তাসকিন দারুণ জায়গায় বল করেছেন।’
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করে আলোচনায় আসা তানজিদ হাসান তামিমেরও প্রশংসা করেছেন ভারতের সাবেক এই স্পিনার। বাংলাদেশের ব্যাটিংয়ের আধিপত্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই টেস্টে বাংলাদেশের ভালো দিক ছিল তাদের ব্যাটিং। তানজিদ হাসান তামিম পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিংও ছিল চমৎকার। আর নিচের দিকে মেহেদীও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
অশ্বিনের মতে, পুরো ম্যাচেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল বাংলাদেশ। তার ভাষায়, ‘সত্যি বলতে তারা অজিদের কোনো সুযোগই দেয়নি।’
ডারউইনে এই জয়ের ফলে শুধু দুই দলের টেস্ট সিরিজেই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।








