‘জয় বাংলা’ স্লোগান দিয়েই গায়েব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা
সূত্রঃ বিডি মেইল
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।
মিছিলের সময় আশপাশের লোকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন খাত্তাব মোল্লা। সম্প্রতি কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যের একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কমিটি দুটির পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করেন বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যায়। খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।









