সেনবাগ আইডিয়াল মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সূত্রঃ সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভার বিকাশ এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে সেনবাগ আইডিয়াল মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সেনবাগের আয়োজন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল হুদা এবং সেনবাগ আইডিয়াল মেধাবৃত্তির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ আইডিয়াল হাই স্কুলের প্রধান উপদেষ্টা মাস্টার আবদুল মাজেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিমুল ইসলাম তানিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ মানসিকতা, শারীরিক সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতার সমন্বয়েই একজন যোগ্য নাগরিক গড়ে ওঠে।
বিশেষ অতিথি লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা সমাজের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে শিক্ষা ও মানবিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মেধাবৃত্তি উৎসবের যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সেনবাগ আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, বৃত্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হয়।









