মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক
সূত্রঃ সংগৃহীত
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি
মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুকের বিদ্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১ টায় মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সংবর্ধনা পর্বে দায়িত্ব পালন করেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব জান্নাতুল ফেরদৌস।
বিদ্যালয় পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক বিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদ্যালয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগের সঙ্গে পড়াশোনা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের কার্যক্রম গতিশীলের লক্ষে প্রিন্টার প্রদান ও শিশু শ্রেণীর রুম কার্পেটিং এর উদ্ভোদন করেন ও বিদ্যালয়ের শিশুদের সাথে বেশ আনন্দঘন কিছু মুহুর্ত তিনি কাটান।
বিশেষ অতিথি লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া একটি এলাকার টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ও সচেতন ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ বিদ্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন, সেনবাগ পৃষ্ঠপোষকতা করে।









