সুনামগঞ্জে ৭০ হাজার টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: বিডি মেইল
মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামে পারভেজের নিজ বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এএসআই মো. ইসমাইল হোসেন এবং কনস্টেবল কাউসার ও জাবরুলসহ পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার পারভেজ (২০) বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মৃত রউফের ছেলে। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।









