সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সূত্রঃ বিডি মেইল

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার অনুসারী দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর পৌর সদরের গার্লস স্কুল রোডে দেওয়ান কমপ্লেক্সে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়। পরে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।


উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন তোফাজের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।


দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলের দোসরেরা আমাদের এমপি সাহেবের সঙ্গে মিছিল করেন। বিতর্কিত লোকদের পাশে রেখে তিনি বক্তব্য দেন। একজন সংসদ সদস্যের হাতকে শক্তিশালী না করে বিএনপির হাত শক্তিশালী করতে হবে।”


তিনি আরও বলেন, “জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা আপার নেতৃত্বে আগামীর বিএনপি চলবে। বিএনপির প্রকৃত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে।”


সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আউয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াস খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম শ্যামল, আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, জেলা কৃষক দলের সহসভাপতি ভিপি মোহসীন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি দেওয়ান বিপ্লব, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শাহ, পৌর কৃষক দলের সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন ছলিম, সাধারণ সম্পাদক জাহাবুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।