বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা, স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ
সূত্রঃ সংগৃহীত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে তিনি বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
আহত রওশন আরা (৪২) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রী অভিযোগ করায় রাসেলের চাকরি চলে যায়। এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন তাঁর বাবা নুরুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাসেলের প্রথম স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে কোপাতে গেলে তাঁর স্ত্রী রওশন আরা বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম তাঁর স্ত্রী রওশন আরাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে রওশন আরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর নুরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








