কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কালীগঞ্জ পৌর বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কালীগঞ্জ পৌর বিএনপির বিক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কথিত বিচ্ছিন্ন ও ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালীগঞ্জ পৌর বিএনপি।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


মিছিল থেকে আওয়ামী লীগের কথিত ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে।


পৌর বিএনপির নেতারা বলেন, কালীগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।


মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দলীয়ভাবে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।