লংগদুতে সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭১৭ জন
সূত্রঃ সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য অঞ্চলের মানুষের জন্য খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দুর্গম এলাকার ৭১৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। ছানিপড়াসহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসা নেওয়া ২১৭ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফার করা রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারসহ সংশ্লিষ্ট ব্যয় লংগদু জোন বহন করবে বলে জানানো হয়েছে।
আয়োজকেরা জানান, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা এলাকাবাসী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এমকে/বিএম২৪









