শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ফাইল ছবি
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। এরপর মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন তাঁর বাবা আব্দুস সামাদ। এ সময় ক্ষুব্ধ হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে আব্দুস সামাদের মৃত্যু হয়।
ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান আনোয়ার হোসেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে/বিএম২৪









