জননেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
জননেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী আজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


প্রখ্যাত রাজনীতিবিদ ও জননেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের সাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।


শেরে বাংলা এ কে ফজলুল হকের পূর্বপুরুষের বাড়ি ছিল বরিশালের চাখার গ্রামে। তাঁর বাবা মুহম্মদ ওয়াজিদ এবং মা সায়িদুন্নিসা খাতুন। তিনি ছিলেন তাঁদের একমাত্র পুত্র।


ফজলুল হক ১৮৯০ সালে বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স, ১৮৯২ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং ১৮৯৪ সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৯৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন।


১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯০৮ থেকে ১৯১২ সাল পর্যন্ত সমবায়ের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সরকারি চাকরি ছেড়ে জনসেবামূলক কাজ ও আইন পেশায় যুক্ত হন। আশুতোষ মুখার্জীর পরামর্শে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন তিনি।


১৯১৩ সালে ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন ফজলুল হক। একই বছর বাংলার প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক হন এবং ১৯১৬ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। ১৯১৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯১৮ সালে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি। ১৯২০ সালে বাংলা প্রাদেশিক সম্মেলনের মেদিনীপুর অধিবেশনেও সভাপতির দায়িত্ব পালন করেন।


শিক্ষামন্ত্রী হিসেবেও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেন শেরে বাংলা। ১৯৩৭ সালে তাঁকে বাংলার মুখ্যমন্ত্রী করে হক-লীগ মন্ত্রিসভা গঠিত হয়। এ সময় তিনি মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন।


দেশবিভাগের পর ১৯৫৪ সালের নির্বাচনে জয়ী হয়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ফজলুল হক। পরে ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি ঘটে ১৯৬২ সালের ২৭ এপ্রিল। ওই দিন তিনি মৃত্যুবরণ করেন।


বাংলার রাজনীতি, শিক্ষা ও জনসেবায় অবদানের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক আজও স্মরণীয় হয়ে আছেন।


এমকে/বিএম২৪