শরীয়তপুরে এসএসএসের উদ্যোগে দুই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সূত্রঃ বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে শরীয়তপুরে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কর্মসূচির অংশ হিসেবে জেলার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় ও ৮ নম্বর চরসেনাস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে মোট ৩ হাজার ১৪০টি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট গ্রাহকেরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সহসভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, ডামুড্যা এলাকার বালার বাজার শাখার এরিয়া ম্যানেজার আ. রহমান, শাখা ব্যবস্থাপক নাছির উদ্দিন, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি মাইদুল ইউসুফ জিসান, জসিম মুন্সি, ফয়সাল মাঝী এবং ৮ নম্বর চরসেনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন সাদরিল।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বায়ুদূষণ কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় চারা রোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার জন্য তাদের উৎসাহিত করা হয়।
এসএসএসের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের কর্মসূচি পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








