শরীয়তপুরে আগুনে পুড়ল ৭ দোকান
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়গনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে বিল্লাল খানের মিষ্টির দোকান, জহির মাদবরের ফলের দোকান, জাবেদ খানের খান ফার্মেসি, সাইদুল মাদবরের মুদি দোকান, মো. আরিয়ানের মোবাইলের দোকান, মো. রবিউলের সেলুন এবং সুজনের মুদি দোকান। আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে যায়।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাফর শেখ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সময় প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এমকে/বিএম২৪









