লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শরীয়তপুরে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনে হাসি কৃষকের মুখে
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
অনুকূল আবহাওয়া, সুষম পরিচর্যা ও পলিসমৃদ্ধ মাটির কারণে চলতি মৌসুমে শরীয়তপুরে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ এবং ভালো ফলন পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুরে ১৭ হাজার ১৩৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় ১৭ হাজার ৫১২ হেক্টর জমিতে এ ধানের আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭৭ হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন কৃষকরা। এ মৌসুমে জেলায় মোট ৫১ হাজার ৮২০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৯২৬ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।
কৃষকরা জানান, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছে। তবে ধানের পরিপুষ্ট দানা ও ভালো ফলন পাওয়ায় সেই বাড়তি খরচ পুষিয়ে নেওয়ার আশা করছেন তাঁরা। বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হলে ভালো লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা স্থানীয় চাষিদের।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহিদুল আলম জানান, অনুকূল আবহাওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সহায়তার কারণে এ বছর রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ধানের পাশাপাশি চালের উৎপাদনও নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।









