ভেদরগঞ্জে সড়ক দখল করে অটোরিকশার স্ট্যান্ড, যানজটে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা শহরে সড়ক দখল করে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার একাধিক স্ট্যান্ড। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও যত্রতত্র পার্কিং। ফলে প্রতিদিন তীব্র যানজটে পড়তে হচ্ছে সাধারণ যাত্রী, চালক ও পথচারীদের। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাস ও অ্যাম্বুলেন্সকেও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন কয়েক হাজার ছোট-বড় যানবাহন ভেদরগঞ্জ উপজেলা শহর অতিক্রম করে চাঁদপুর, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন গন্তব্যে যায়। কিন্তু সড়কের বেহাল অবস্থা, অবৈধ স্ট্যান্ড ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে এ পথে চলাচল ক্রমেই দুর্বিষহ হয়ে উঠেছে।
খুলনা-চট্টগ্রাম রুটে চলাচলকারী কমফোর্ট পরিবহনের চালক মুনসুর মিয়া (৪০) জানান, ভেদরগঞ্জ বাজার পার হতে প্রায়ই ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। সড়কের ওপর এলোপাতাড়ি গাড়ি রাখায় বড় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়। এতে ফেরিঘাটে পৌঁছাতে দেরি হয়ে অনেক সময় ফেরি মিস করতে হয়। ফলে যাত্রীদের পাশাপাশি পরিবহনসংশ্লিষ্টরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন।
যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সচালকেরা। গত রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন চালক রাব্বি তালুকদার। ভেদরগঞ্জ ভূমি অফিসের সামনে যানজটে আটকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয় তাঁকে।
রাব্বি তালুকদার বলেন, একদিকে সড়কে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড, অন্যদিকে রাস্তার ওপর দোকানপাট বসানো হয়েছে। এতে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। রোগীর অবস্থা বিবেচনায় দ্রুত হাসপাতালে পৌঁছানো জরুরি হলেও যানজটের কারণে তা সম্ভব হচ্ছে না। তাঁর মতে, সড়ক থেকে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড সরানো গেলে যানজট অনেকটাই কমে আসবে।
জেলা ট্রাফিক বিভাগ, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জে দেড় হাজারের বেশি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশার কোনোটিরই বৈধ কাগজপত্র ও নম্বরপ্লেট নেই বলে সূত্রগুলোর দাবি। পাশাপাশি ৫ থেকে ৭ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও স্থানীয়ভাবে তৈরি টমটম চলাচল করছে। বিপুলসংখ্যক যানবাহনের চাপ সামলানোর মতো অবকাঠামো না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
ভেদরগঞ্জ বাজার, উপজেলা মার্কেট, হাসপাতাল রোড, সরকারি হাইস্কুল রোড, উপজেলা ভূমি অফিস ও কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়কের ১০টির বেশি স্থানে অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব সড়কের দুই পাশে বিপণিবিতান, শোরুম, হাসপাতাল, ব্যাংক-বীমা ও সুপারশপ থাকলেও অনেক প্রতিষ্ঠানের পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই। ফলে ক্রেতা ও সেবাগ্রহীতাদের যানবাহনও রাখতে হচ্ছে মূল সড়কের ওপর।
এদিকে অটোরিকশা থেকে টাকা আদায়ের অভিযোগও উঠেছে। চালকদের অভিযোগ, এক শ্রেণির লাইনম্যান গাড়িপ্রতি ১০ থেকে ২০ টাকা নিয়ে সড়কের পাশে যাত্রী ওঠানামার সুযোগ করে দেন। টাকা না দিতে চাইলে চালকদের হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে।
নড়িয়া থেকে যাত্রী নিয়ে ভেদরগঞ্জে আসা অটোরিকশাচালক ইয়াসিন মিয়া (২৮) অভিযোগ করেন, গত রোববার ভূমি অফিসের সামনে যাত্রী নামিয়ে ভেদরগঞ্জ পাইলট স্কুলের সামনে গাড়ি রাখলে এক ব্যক্তি তাঁর কাছে ২০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে লাঠি দেখিয়ে হুমকি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন চালক।
স্থানীয়দের মতে, রোববার ও বৃহস্পতিবার হাটবার হওয়ায় এ দুই দিন যানজটের তীব্রতা আরও বেড়ে যায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পণ্যবোঝাই যানবাহন বাজারে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
শরীয়তপুর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর নিজাম উদ্দিন বলেন, যানজট কমাতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কের পাশের পার্কিং বন্ধ করা জরুরি। সঠিক পার্কিং ব্যবস্থাপনা না থাকলে যানবাহন রাখার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে ট্রাফিক বিভাগে লোকবল সংকট থাকায় নিয়মিত তদারকি করা সম্ভব হচ্ছে না।
নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি বলেন, অবৈধ স্ট্যান্ড, অপরিকল্পিত পার্কিং ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল যানজটের অন্যতম কারণ। শুধু মাঝেমধ্যে অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার ওপরও গুরুত্ব দিতে হবে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের সদস্যদেরও মাঝেমধ্যে কাজ করতে হয়। কেউ সড়কে গাড়ি রাখার সুযোগ করে দিয়ে চাঁদাবাজির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিক বলেন, অটোরিকশার জন্য পৌর পার্কের পাশে একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু চালকেরা সেখানে গাড়ি না রেখে সড়কের ওপর রাখছেন। ইতোমধ্যে শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। কীভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে।









