রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এজাহার সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন ও তাঁর স্ত্রী মোসা. সিমা খাতুন। আল আমিন রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং সিমা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর হারপুর গ্রামের কোর্ট ঢালুমোড় এলাকায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় ওই দম্পতির কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের প্যাকেটে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০০ গ্রাম।

এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও মুঠোফোনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


এমকে/বিএম২৪