রাঙামাটিতে ৪ লাখ ৯০ হাজার টাকার মালিকবিহীন সেগুন কাঠ জব্দ
সূত্রঃ সংগৃহীত
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির মারিশ্যায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসের নেতৃত্বে একটি আভিযানিক টহল দল মারিশ্যা উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এগত্তর ক্লাব এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০৮ দশমিক ৯৩ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এ কারণে চোরাচালান নির্মূলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ কাঠ পাচার ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









