বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সূত্রঃ বিডি মেইল
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর হাজী মুহম্মদ মুহসী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বৃক্ষরোপণ করছে।
রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঈদুর রহমান মুঈদ, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সাইদ আলী, মো: ইব্রাহীমসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









