বকশীগঞ্জে নিখোঁজ শিশু সাফি চার দিন পর ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
বকশীগঞ্জে নিখোঁজ শিশু সাফি চার দিন পর ঢাকায় উদ্ধার

সংগৃহীত

রতন ইন্তিসার,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া শিশু মো. সাফিকে চার দিন পর ঢাকার মুগদার একটি আশ্রয়কেন্দ্র থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার সন্ধান পাওয়া যায়। পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে ঢাকায় চলে গিয়েছিল শিশুটি।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় সাফি। বাড়ি থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকায় পৌঁছায় সে। পরে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুগদার একটি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।


এদিকে সাফি নিখোঁজ হওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসে। পরে ভিডিও কলের মাধ্যমে সাফির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার পরিচয় নিশ্চিত করেন তারা।


সাফির সন্ধান পাওয়ার খবর পেয়ে তার স্বজনেরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল বুধবার সকালে পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


সাফির চাচা মাহমুদুল হাসান আকিব জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের কারণেই দ্রুত শিশুটির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। এই উৎকণ্ঠার সময়ে যারা পরিবারের পাশে থেকে সহযোগিতা করেছেন, তিনি তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



এমকে/বিএম২৪