বকশীগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
বকশীগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

সূত্রঃ সংগৃহীত

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে নিজ জমিতে কাজ করতে গিয়ে মো. লিটন মিয়া (২২) নামে এক কলেজছাত্র হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আলমাস হোসেনের ছেলে মো. লিটন মিয়া নিজ জমিতে কাজ করতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।


পরিবারের অভিযোগ, মৃত জেলানির পরিবারের সদস্য রহিজল, বিল্লাল, সোলাইমান, জাকিউল, সানোয়ার হোসেন ফকির, জাকিনা খাতুনসহ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত।


পরে পরিবারের সদস্যরা লিটন মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।


এ ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আহত লিটনের পরিবারের সদস্যরা।


এমকে/বিএম২৪