হাম ও হামের উপসর্গে দেশে মৃত্যু ছাড়াল ১১০০
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৬ জন, চট্টগ্রামে ২৭৯ জন, সিলেটে ২০৬ জন, বরিশালে ১০৭ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে। তাদের মধ্যে ২১ হাজার ৩৯২ জনের হাম নিশ্চিত হয়েছে।
এমকে/বিএম২৪









