টয়লেটে ইয়াবা ফ্লাশের চেষ্টা, বাকৃবির গেস্ট হাউসে আটক ৪
সূত্রঃ সংগৃহীত
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী, একজন মাস্টাররোলভুক্ত কর্মচারী ও দুজন বহিরাগত রয়েছেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন, বহিরাগত সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করা হয় বলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান।
কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার জানান, গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে সন্দেহজনক চলাফেরা নজরে আসার পর বিষয়টি তাদের নজরে আসে। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্টাফ লাবিব হাসান মিথুনের নামে কক্ষটি বুকিং করা হয়েছিল। তবে সেখানে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা, মোটরসাইকেল রাখা এবং সন্দেহজনক চলাফেরা দেখা যাচ্ছিল।
তিনি বলেন, গেস্ট হাউসে অন্য অতিথিরাও অবস্থান করায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিষয়টি সহকারী প্রক্টরকে জানানো হয়। পরে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিমসহ তারা ৬ নম্বর কক্ষে যান। কয়েকবার ডাক দেওয়ার পর দরজা খুললে ভেতরে চারজনকে পাওয়া যায়। কক্ষের ভেতর তীব্র উৎকট গন্ধ ছিল এবং তাদের আচরণও অস্বাভাবিক মনে হয়। পরে পুলিশ বাথরুমে তল্লাশি চালিয়ে ৪ থেকে ৫টি ইয়াবা ও একটি কিট জব্দ করে।
গেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, লাবিব হাসান মিথুন অসুস্থতাজনিত বিশেষ কারণ দেখিয়ে এক দিনের জন্য কক্ষটি বুকিং নিয়েছিলেন। তবে তিনি সেখানে তিন দিন অবস্থান করেন। কক্ষটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গেস্ট হাউসের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক স্টাফের সঙ্গে বাইরে থেকে কিছু লোক অবস্থান করার খবর পান। পরে প্রক্টরিয়াল বডির সদস্য ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যান এবং কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, দরজায় কয়েকবার ডাক দেওয়ার পর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা দরজা খোলেন। কক্ষে প্রবেশের পর ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে নিয়ে যায়। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই মাহবুব বলেন, চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হলসহ ক্যাম্পাসের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








