বকশীগঞ্জে এক রাতে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
বকশীগঞ্জে এক রাতে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

সূত্রঃ বিডি মেইল

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে এক রাতে শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী ওয়ারলেছ আলীর বিরুদ্ধে। এতে কৃষক মোন্নাফ আলীর প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মালিরচর ধুমালিপাড়া গ্রামের বাড়ির উত্তর পাশে সড়কের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক মো. মোন্নাফ আলী সড়কের পাশে খালি জমিতে প্রায় ৫ শতাধিক কলাগাছের বাগান গড়ে তোলেন। চার বছর আগে একই গ্রামের সাজু মিয়ার কাছ থেকে ১৫ কাঠা জমি বন্ধক নিয়ে তিনি এ বাগান করেন। বাগানের কলাগাছগুলোতে প্রায় দুই মাসের মধ্যে ফলন আসার কথা ছিল।


কৃষক মোন্নাফ আলীর অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলে। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় নিন্দার সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, প্রতিবেশী ওয়ারলেছ আলী কলাগাছগুলো কেটে ফেলেছেন।


ক্ষতিগ্রস্ত কৃষক মোন্নাফ আলী বলেন, “চার বছর আগে ১৫ কাঠা জমি বন্ধক নিয়ে রাস্তার পাশে কলার বাগান করি। বাগানে ৫ শতাধিক হৃষ্টপুষ্ট কলাগাছ ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা আমার শতাধিক কলাগাছ কেটে ফেলে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, প্রতিবেশী ওয়ারলেছ আলী গাছগুলো কেটে ফেলেছেন। এতে আমার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।”


তিনি আরও বলেন, “এ ঘটনায় আমি বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”


অভিযুক্ত ওয়ারলেছ আলীর বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।