গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

সূত্রঃ বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের পূবাইল থানায় অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর থানা পর্যায়ের প্রতিযোগিতা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় লাল ও সবুজ দলের মোট ১৮ জন খেলোয়াড় অংশ নেন।


জমজমাট এ খেলায় লাল দল ৩৯ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অপরদিকে, ১৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় সবুজ দল।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল হাওলাদার। তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে শারীরিক খেলাধুলার বিকল্প নেই। জাতীয় খেলা কাবাডির ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন খেলোয়াড় সৃষ্টি করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূবাইল থানার অফিসার ও ফোর্স সদস্যরা।


এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ক্রীড়ামোদী মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।