ফরিদপুরে চুরি ও মাদকবিরোধী মানববন্ধন, রাতে পুলিশি টহলের দাবি
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় চুরি ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকায় একের পর এক চুরির ঘটনা এবং মাদকসংক্রান্ত অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ঈশান গোপালপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ৭৮ জন এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে তাঁদের দাবির প্রতি সমর্থন জানান।
মানববন্ধনে মোঃ নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, তারা শেখের ছেলে হাশেম শেখ মাদক, চুরিসহ এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করেছেন।
মোঃ শামসুদ্দিন মোল্লা বলেন, এলাকায় প্রতিনিয়ত কৃষকদের স্যালো মেশিন, টিউবওয়েলসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম চুরি হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মোঃ মমিন শেখ বলেন, স্কুলের ফ্যান থেকে শুরু করে বিভিন্ন বাড়িঘরের হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। গত দুই মাসে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমনকি গত ১৫ দিনে ১৫টি চুরির ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
মুকা মাতুব্বর বলেন, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা এই এলাকারই সন্তান। তাই তাঁদের অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। বাবা-মা সন্তানদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে চুরির ঘটনা আরও বাড়তে পারে। এ জন্য তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি কঠোর নজরদারি রাখার আহ্বান জানান।
অন্যদিকে অভিযুক্ত হাশেম শেখের বাবা তারা শেখ তাঁর ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তাঁর ছেলে চুরি কিংবা মাদকের সঙ্গে জড়িত নয়। তবে স্থানীয়দের উল্লেখ করা স্কুলের দুটি ফ্যানের বিষয়ে তিনি জানান, ফ্যান দুটি তাঁদের বাড়ির ছিল। তাঁর ছেলে সেগুলো বাড়ি থেকে নিয়ে বাজারে ৬০০ টাকায় বিক্রি করেছিল। পরে তিনি দোকান থেকে ৬০০ টাকা দিয়ে ফ্যান দুটি কিনে বাড়িতে নিয়ে আসেন।
এ ছাড়া এলাকায় তাঁদের একটি জমি নিয়ে বিরোধ রয়েছে বলেও জানান তারা শেখ। ছেলেকে দ্রুত বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত হাশেম শেখের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ছব্দুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকাবাসী তাঁকে চুরি ও মাদকের বিষয়ে জানিয়েছিলেন। তিনি তাঁদের পরামর্শ দিয়েছেন, হয় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরে আইনের হাতে তুলে দিতে, নয়তো লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, এলাকায় চুরি বন্ধ করতে হলে মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তাঁরা আরও বলেন, রাতে পুলিশের নিয়মিত টহল চালু করা হলে চুরির ঘটনা অনেকটা কমে আসবে বলে তাঁদের প্রত্যাশা। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এমকে/বিএম২৪









