সিংগাইরে প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ধর্ষ চুরি, উধাও ৩৫ লাখ টাকার সরঞ্জাম

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম
সিংগাইরে প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ধর্ষ চুরি, উধাও ৩৫ লাখ টাকার সরঞ্জাম

ছবি: সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি কম্পিউটার ল্যাব থেকে ৩৩টি ডেস্কটপ কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ ও দুটি ল্যাপটপ চুরি হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।


হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার ঋষিবাড়ি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বিনোদপুর মৌজায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সট্রাক্টর (ডাইং, প্রিন্টিং অ্যান্ড ব্লক বাটিক) মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি খোয়া যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের তৃতীয় তলার ৩০১ ও ৩০৭ নম্বর কক্ষের কম্পিউটার ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী বাবর আলী। পরে তিনি বিষয়টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ল্যাবের ভেতরে ৩৩টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙাচোরা ও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। তবে কম্পিউটারগুলোর হার্ডডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড, র‍্যামসহ মূল্যবান যন্ত্রাংশ খোয়া গেছে। একই সঙ্গে দুটি ল্যাপটপও পাওয়া যায়নি।


এজাহারে আরও উল্লেখ করা হয়, চুরি হওয়া ডেস্কটপ কম্পিউটারগুলো এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান মডেলের। প্রতিটি কম্পিউটারের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসেবে ৩৩টির যন্ত্রাংশের মূল্য ৩৩ লাখ টাকা। এ ছাড়া চুরি হওয়া এমএসআই ব্র্যান্ডের দুটি ল্যাপটপের আনুমানিক মূল্য দুই লাখ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।


এদিকে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বুধবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটের দিকে মুখে গামছা বাঁধা এক ব্যক্তি কম্পিউটার ল্যাবে প্রবেশ করেন। এরপর তিনি সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর পরপরই চুরির ঘটনা ঘটে।


প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খাতুনের দাবি, ভবনের নিচতলার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।


তিনি আরও বলেন, কম্পিউটার ল্যাবের এসব সরঞ্জাম প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকাজে ব্যবহৃত হতো। চুরির ঘটনায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


এমকে/বিএম২৪